১১ জুন জামিন পেতে পারেন ইমরান খান ও তার স্ত্রী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে দাবি করেছেন দলটির বর্তমান প্রধান গওহর আলী খান। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।
ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দায়ের করা মামলার দণ্ড বাতিলের শুনানি অনুষ্ঠিত হবে ১১ জুন। একই দিনে মামলাটিতে বুশরা বিবির আপিলেরও শুনানি হবে। সেই দিনই আদালত এই দম্পতির জামিন মঞ্জুর করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন গওহর আলী খান।
সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে গওহর আলী খান বলেন, “১১ জুন হতে যাচ্ছে ইমরান খান ও বুশরা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।” তিনি আরও জানান, পিটিআই অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, যার নেতৃত্বে থাকবেন ইমরান খান নিজে।
এদিকে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে ঘোষণা দেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবে পিটিআই।
উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা, যাতে তিনি ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন।