স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক নোটিশের প্রতিবাদে ছয় দফা দাবি উত্থাপন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।৩ মে(বুধবার) চমেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গত ১৯ মে জারি করা এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্তসমূহ ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে।দাবিগুলোর মধ্যে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়
‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং ওই আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা। এছাড়া ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন।সংগঠনটি আরও দাবি জানায়, বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ করতে হবে। একই সঙ্গে বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করতে হবে।দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।