শনিবার   ফেব্রুয়ারী ৭ ২০২৬   ২৪  মাঘ  ১৪৩২


স্কুলের জমি বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Faridul Islam Surjo

Updated 25-Jul-24 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 170

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদ্যালয়ের নামে নিবন্ধিত ৪৭ শতক জমি স্থানীয় তিন ব্যক্তির কাছে হস্তান্তর করেছেন তিনি।

২০০৪ সালের ৬ জানুয়ারি খলিলুর রহমান নামে এক দানশীল ব্যক্তি বিদ্যালয়ের নামে ২৭৮ নম্বর দলিলে উক্ত জমি দান করেন। অথচ অভিযোগ অনুযায়ী, একই বছরের ১০ জুন তিনটি পৃথক কবলা দলিলের মাধ্যমে প্রধান শিক্ষক বেলাল হোসেন যথাক্রমে মফিজুল ইসলামকে ১৮ শতক, মন্তাজ আলীকে ১২ শতক এবং শাহজাহান আলীকে ১৭ শতক জমি মোট ২৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন।

এ ছাড়া, এছাহাক আলীসহ কয়েকজনের দেওয়া আরও ৮৯ শতক জমির মধ্যে মাত্র ২০ শতকে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। বাকি জমি স্থানীয় কয়েকটি পরিবারকে বসবাসের জন্য অর্থের বিনিময়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

এই বিষয়ে একটি লিখিত অভিযোগ কুড়িগ্রামের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হয়। ইতোমধ্যে তদন্ত করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।