ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ স্বরাজপুর গ্রামের প্রধান সড়কটি বর্তমানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। মিয়ার বাজার থেকে মতিগঞ্জ হয়ে বক্তার মুন্সী ও ফেনীর সঙ্গে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ১০০০ থেকে ১৫০০ মানুষ ও অসংখ্য যানবাহন চলাচল করে। বিশেষ করে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান—একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাফেরা করছে। রাস্তাটির পাশ ঘেঁষে থাকা একাধিক পুকুরের কারণে রাস্তাটির অনেকাংশ ধসে পুকুরে পড়ে যাচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেহাল দশা এখন যানবাহন চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। রিকশা, টমটম, বাইসাইকেল এমনকি পায়ে হেঁটেও চলাচল করতে হচ্ছে চরম দুর্ভোগ নিয়ে। দুর্ঘটনাও ঘটছে প্রায়ই।
এলাকাবাসীর পক্ষে মোঃ রিয়াদ জানান, “আমরা বহুবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই সড়কটি সংস্কার ও গার্ডওয়ালনির্মাণ এখন সময়ের দাবি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর জোর দাবি—মিয়ার বাজার টু মতিগঞ্জ সংযোগ সড়কটির দ্রুত মেরামত ও প্রয়োজনীয় স্থানে গার্ডওয়াল নির্মাণ করে জনদুর্ভোগ লাঘব করা হোক।